রপ্তানিমুখী শিল্পের বিকাশ এবং জাতীয় রাজস্ব সুরক্ষা; এই দুটি বিষয়ই দেশের অর্থনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইল খাতে শুল্কমুক্ত বন্ড সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা কাস্টমস প্রশাসনের অন্যতম বড় দায়িত্ব। একদিকে শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখা, অন্যদিকে বন্ড সুবিধার অপব্যবহার রোধ! এই দুইয়ের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যক্রম। দপ্তরটির নেতৃত্বে রয়েছেন কমিশনার ড. নাহিদা ফরিদী।

বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানি কার্যক্রমে ব্যবহার না হয়ে খোলা বাজারে বিক্রি হলে সরকার রাজস্ব হারায়। একই সঙ্গে নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এ বাস্তবতায় প্রকৃত রপ্তানিকারকদের সেবা সহজ করা এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করা বন্ড প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

এই কার্যক্রমে লাইসেন্স প্রদান ও নবায়ন, কাঁচামালের ব্যবহার যাচাই, ব্যাংক গ্যারান্টি পর্যালোচনা এবং ঝুঁকিভিত্তিক নিরীক্ষার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব বহন করে। পাশাপাশি ব্যবসায়ীদের অভিযোগ ও সমস্যাগুলো সরাসরি জানার জন্য গণশুনানির আয়োজন প্রশাসনের সঙ্গে অংশীজনদের যোগাযোগ বাড়ানোর একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। এসব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করা বন্ড ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয়।

ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের বর্তমান কমিশনার ড. নাহিদা ফরিদী ২১তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা। জাতীয় রাজস্ব বোর্ডে যোগদানের পর তিনি খুলনা ও রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং কাস্টমস হাউস, আইসিডি কমলাপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে তার।

রাজস্ব প্রশাসনের মতো চ্যালেঞ্জিং ক্ষেত্রে একজন নারী কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনও তাৎপর্যপূর্ণ। তবে এ ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ব্যক্তির পরিচয়ের চেয়ে দায়িত্ব পালনের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা। দেশের রপ্তানি বাণিজ্য যখন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও এলডিসি উত্তরণ-পরবর্তী নতুন বাস্তবতার মুখোমুখি, তখন বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সেবার মানোন্নয়ন এবং রাজস্ব সুরক্ষার উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দায়িত্ব পালনে ড. নাহিদা ফরিদীর নেতৃত্বে চলমান কার্যক্রম সেই বৃহত্তর প্রয়োজনেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।