পয়োবর্জ্য ও পানি শোধনের প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিন কর্মকর্তাসহ ছয়জন। অন্য তিনজন রাজধানীর মিরপুরের স্বপ্ননগর-২ কল্যাণ সমিতির সদস্য। সফরের অংশ হিসেবে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর মহারাষ্ট্রে অবস্থান করবেন তারা। বিমানভাড়া থেকে শুরু করে থাকা-খাওয়া পর্যন্ত সব খরচ বহন করবে বেসরকারি প্রতিষ্ঠান জুয়েল অ্যান্ড নিশিত বসু (জেভি)।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৪ থেকে গত ১১ নভেম্বর জারি করা আদেশে ছয়জনের এই সফরের অনুমতি দেওয়া হয়। মহারাষ্ট্রে চার দিনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রকল্পের জন্য সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন করবেন তারা।

স্বপ্ননগর-২ প্রকল্পের কর্মকর্তাদের সফরের পুরো ব্যয় বহন করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। ঠিকাদারের অর্থে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘ঠিকাদারের টাকায় বিদেশ ভ্রমণ কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। ঠিকাদারের টাকায় কর্মকর্তা বিদেশ ভ্রমণ করলে তো সে ঠিকাদারের স্বার্থই দেখবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

প্রশিক্ষণে তিন কর্মকর্তার পাশাপাশি কল্যাণ সমিতির তিন প্রতিনিধিকেও নেওয়া হচ্ছে। প্রকল্পের শোধনাগার, পাম্প হাউস ও পানি সরবরাহব্যবস্থা নির্মাণের মতো কারিগরি কাজে সমিতির প্রতিনিধিদের কী দায়িত্ব, আদেশে তা বলা হয়নি। তাদের কারিগরি যোগ্যতা কেমন, প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা কী কিংবা কীসের ভিত্তিতে তাদের বাছাই করা হয়েছে, সে ব্যাখ্যাও নেই আদেশে।

এসব বিষয়ে জানতে স্বপ্ননগর-২ প্রকল্পের পরিচালক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু হোরায়রার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এশিয়া পোস্ট। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েও সাড়া মেলেনি।