দেশে নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দেশে মোট ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। সে হিসাবে এক বছরের ব্যবধানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ধর্ষণ, গণধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা, যৌতুকের কারণে হত্যা এবং নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার মতো বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৭৪১। অর্থাৎ ধর্ষণের ঘটনা বেড়েছে ১৮টি। ধর্ষণের শিকার ব্যক্তিদের মধ্যে ৪৩৪ জনই শিশু ও কিশোরী, যা মোট ধর্ষণের শিকার ব্যক্তির প্রায় ৫৭ শতাংশ। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে এবং ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন।

ধর্ষণের পাশাপাশি যৌন নিপীড়নের ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৬৮ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৭৪। অর্থাৎ এক বছরের ব্যবধানে যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে প্রায় ১০৫ শতাংশ। এ বছর যৌন নিপীড়নের শিকার শিশুদের সংখ্যা ৩১২, যা গত বছর ছিল ২১৪।

পারিবারিক সহিংসতার চিত্রও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১০ মাসে পারিবারিক সহিংসতায় ৫০২ জন নারী নিহত হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩২৩। একই সময়ে পারিবারিক সহিংসতায় আহত হয়েছেন ৩০৫ জন, যেখানে গত বছর আহতের সংখ্যা ছিল ৮৩। অর্থাৎ পারিবারিক সহিংসতায় আহতের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এ ছাড়া পারিবারিক সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার ঘটনাও ৬১ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যৌতুকের কারণেও নারীর প্রাণহানির ঘটনা বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে যৌতুকের কারণে ৪১ জন নারী হত্যার শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২৮। অন্যদিকে ধর্ষণের পর হত্যার ঘটনাও বেড়েছে। গত বছর এ ধরনের ঘটনা ছিল ২৪টি, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪টিতে।

নারী ও শিশু নির্যাতনের এই বৃদ্ধির পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে এইচআরএসএস। সংগঠনটির মতে, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং অপরাধের যথাযথ বিচার না হওয়ায় সহিংসতা প্রতিরোধের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে শিশুদের নিরাপত্তা জোরদার করা, জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি, চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।